ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পবিত্র আশুরা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। হাজারো ভক্ত খালি পায়ে বুক চাপড়িয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করে মিছিলে অংশগ্রহণ করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, মিছিলটি হোসাইনী দালান, বকশি বাজার লেন, আলিয়া মাদরাসা মোড়, বকশী বাজার (কল পাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবির ৪ নম্বর গেইট, সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
তিনি আরও জানান, মিছিলের পরিচালনার জন্য ডিএমপি পূর্ব থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ডিএমপির বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
ডিএমপি কমিশনারের নির্দেশনায় সব স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করেন। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রসঙ্গত, ১০ মুহররম পবিত্র আশুরা অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষ্যে পুরান ঢাকার হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন ইমামবাড়ায় শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com